ত্রিপুরা
img

গর্জনটিলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ শুরু

দীর্ঘদিনের দাবির পর অবশেষে উদয়পুরের চন্দ্রপুর গর্জনটিলা এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের কাজ শুরু হতে চলেছে। প্রায় ১১ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ হতে যাওয়া এই কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা হয় বুধবার সকালে ভূমি পূজনের মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, জেলা পরিষদের সহ-সভাপতি সুজন সেন, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস-সহ অন্যান্য জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘদিন ধরে এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। সেই দাবি বাস্তবায়নের পথে এগোনোয় খুশি এলাকাবাসী। কেন্দ্রটি নির্মাণ সম্পন্ন হলে এলাকার শিশু ও মায়েদের বিভিন্ন পরিষেবা পেতে সুবিধা হবে বলে আশা করছেন তাঁরা। ভূমি পূজনকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।