
অনলাইন সংস্থার সামগ্রী বোঝাই কন্টেইনারে নেশার সিরাপ পাচারের অভিযোগে বিপুল পরিমাণ নিষিদ্ধ ওষুধ উদ্ধার করল অসম পুলিশ। মঙ্গলবার দুপুরে গুয়াহাটি থেকে আগরতলাগামী AS01RC-9928 নম্বরের একটি কন্টেইনার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছলে রুটিন তল্লাশি চালায় পুলিশ। ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে তল্লাশি চালিয়ে ফ্লিপকার্ট ও মেশো-র লোগো ব্যবহার করা ১৫টি কার্টুন উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ওই কার্টুনগুলির মধ্যে মোট ২ হাজার ২৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার হয়। পুলিশের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা। ঘটনায় কন্টেইনার চালক বিপ্লব দাসকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।