
তেলিয়ামুড়ার মাইগঙ্গা চৌমুহনী সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এবার উঠল নতুন অভিযোগ। গত ১৭ সেপ্টেম্বর রাতে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে মৃত যুবককে তেলিয়ামুড়ার জয়নগর এলাকার প্রবীর দে ওরফে জুন হিসেবে শনাক্ত করা হয়। প্রথমদিকে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে করা হলেও, এবার মৃতের পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত হত্যার অভিযোগ তোলা হয়েছে। মৃতের বাবা প্রদীপ কুমার সরকারের অভিযোগ, শক্ত কোনও বস্তু দিয়ে আঘাত করে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে তেলিয়ামুড়া থানায় BNS-এর ১০৩(১) ধারায় TLM PS 54 নম্বর মামলা নথিভুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এবং এর নেপথ্যে অন্য কারও ভূমিকা রয়েছে কি না—সবদিক খতিয়ে দেখছে পুলিশ।