
প্রায় ৩০ লক্ষ টাকার ঋণ পরিশোধ না করার অভিযোগে ফের বাড়ি ক্রোক করা হলো তেলিয়ামুড়ার গৌরাঙ্গ টিলা এলাকার বাসিন্দা সুকমল রায়ের। মঙ্গলবার প্রশাসনিক আধিকারিক ও বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে চোলা ম্যান্ডেলাম ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। অভিযোগ, ২০২৪ সালে ব্যবসায়িক প্রয়োজনে প্রায় ৩০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন সুকমল রায় এবং তাঁর বাবা সুধীর রায় ছিলেন গ্যারান্টার। ঋণ পরিশোধ না হওয়ায় ২০২৫ সালে বাড়িতে তালা লাগানো হয়েছিল বলে দাবি ফাইন্যান্স সংস্থার। পরে সেই তালা ভেঙে ফের বাড়িতে বসবাস শুরু করার অভিযোগও ওঠে। মঙ্গলবার পুনরায় অভিযান চালিয়ে বাড়ির বিভিন্ন আসবাবপত্র বাইরে বের করে বাড়িটি ক্রোক করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ফাইন্যান্স সংস্থার এরিয়া লিগ্যাল ম্যানেজার কৌশিক ভাগবতী, তেলিয়ামুড়া মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম জিনিয়াস দেববর্মা-সহ পুলিশ আধিকারিকরা। তবে বাড়ি ক্রোক হওয়ায় অসুস্থ বৃদ্ধ মা-বাবার আশ্রয় নিয়ে উদ্বেগে পরিবার। ঋণ আদায়ের প্রক্রিয়ার পাশাপাশি এই মানবিক সংকট এখন আলোচনার কেন্দ্রে।