
শহর ছাড়িয়ে এবার গ্রামেও ছিনতাইয়ের অভিযোগ। রাজধানী সংলগ্ন শ্রীনগর থানার যুগলকিশোর নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার সকালে এক মহিলার সোনার চেন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।জানা গেছে, সুভদ্রা দেববর্মা রেগার কাজে যাওয়ার পথে পঞ্চায়েত সংলগ্ন রাস্তা দিয়ে হাঁটছিলেন। অভিযোগ, পিছন দিক থেকে বাইকে আসা দুই ব্যক্তি তাঁর গলা থেকে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের সোনার চেন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়। বাইকে থাকা দু’জনের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল বলে জানিয়েছেন তিনি।চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলেও ততক্ষণে অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং পঞ্চায়েত এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।শুক্রবার সুভদ্রা দেববর্মা ও তাঁর স্বামী সুব্রত দেববর্মা থানায় গিয়ে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং সোনার চেন উদ্ধারের আবেদন জানান। সুভদ্রার দাবি, দিনমজুর স্বামী দীর্ঘদিনের পরিশ্রমের টাকায় ওই চেনটি তৈরি করেছিলেন।