ত্রিপুরা
img

গোকুলনগরে চলন্ত স্কুটিতে মহিলার স্বর্ণের চেইন ছিনতাই

দিনদুপুরে চলন্ত স্কুটিতে থাকা মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড় মহকুমার গোকুলনগর এলাকায়।আগরতলা থেকে বিশালগড়ে বোনের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন জাগৃতি চৌধুরী। পরিবারের সদস্যদের সঙ্গে স্কুটিতে যাওয়ার সময় গোকুলনগর এলাকায় আচমকাই তাঁর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
পরিবারের দাবি, দিনের আলোতেই চলন্ত স্কুটির কাছে এসে চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।ঘটনার খবর পেয়ে তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধারের চেষ্টা চলছে।
জাগৃতি চৌধুরীর পরিবারের দাবি, এতদিন টেলিভিশনে ছিনতাইয়ের ঘটনা দেখেছেন তাঁরা। এবার বিশালগড়ে যাওয়ার পথেই তাঁদের পরিবারের সঙ্গে এমন ঘটনা ঘটায় আতঙ্ক তৈরি হয়েছে।
ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।