ত্রিপুরা
img

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের খাবারে অনিয়মের অভিযোগ, বরাদ্দের হিসাব কোথায়?

উত্তর ত্রিপুরার ইছাই লালছড়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাদ্যসামগ্রী সরবরাহ ও বিতরণ নিয়ে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, শিশুদের জন্য বরাদ্দ চাল, ডাল ও ডিম নিয়ম অনুযায়ী সরবরাহ ও বিতরণ করা হচ্ছে না।বিশেষ করে শিশুদের নিয়মিত ডিম দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। সরকারি বরাদ্দ অনুযায়ী যে পরিমাণ খাদ্যসামগ্রী আসার কথা, বাস্তবে তার কতটা শিশুদের কাছে পৌঁছাচ্ছে, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।অভিযোগের তীর উঠেছে কেন্দ্রের দায়িত্বে থাকা স্কুল ম্যাডামের বিরুদ্ধেও। পাশাপাশি বিষয়টি প্রকাশ্যে আসার পর অভিযোগ ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও সংশ্লিষ্ট সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন তদন্ত করে খাদ্যসামগ্রীর বরাদ্দ, মজুত, বিতরণ এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হোক।
শিশুদের পুষ্টির সঙ্গে যুক্ত সরকারি খাদ্যসামগ্রী নিয়ে ওঠা অভিযোগের প্রকৃত সত্য প্রশাসনিক তদন্তের পরই স্পষ্ট হবে।