
আখাউড়া রোড এলাকায় বাড়ি থেকে স্বর্ণের চেইন ও কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পশ্চিম থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১২ গ্রাম ওজনের একটি স্বর্ণের চেইনসহ চুরি যাওয়া কসমেটিক সামগ্রী।পুলিশ সূত্রে জানা গেছে, আখাউড়া রোডের বাসিন্দা প্রীতিদাস চৌধুরীর বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরি যায়। এরপর পশ্চিম থানায় অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বটতলা ফাঁড়ির পুলিশ। তদন্তের সূত্র ধরে আখাউড়া রোড এলাকা থেকে বাড়ির কাজে যুক্ত এক মহিলাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে ১২ গ্রাম ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া চেইনটির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা। পাশাপাশি চুরি যাওয়া কসমেটিক সামগ্রীও উদ্ধার হয়েছে। মঙ্গলবার পশ্চিম থানার ওসি সনজিৎ সেন জানান, ঘটনায় ধৃত মহিলাকে আদালতে তোলা হবে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।