ত্রিপুরা
img

আয়ুর্বেদ দিবসে গোমতী জেলায় ‘আরোগ্য রথ’ গণর‍্যালি

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে গোমতী জেলায় অনুষ্ঠিত হলো ‘আয়ুর্বেদ আরোগ্য রথ’ গণর‍্যালি। আয়ুর্বেদের গুরুত্ব, স্বাস্থ্য সচেতনতা এবং রোগ প্রতিরোধমূলক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ।মঙ্গলবার সকালে মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে র‍্যালির সূচনা হয়। গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মাতাবাড়ি ব্লকের বিডিওর যৌথ উদ্যোগে এবং ত্রিপুরা ন্যাশনাল আয়ুষ মিশনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়।র‍্যালির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. কমল রিয়াং, উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।র‍্যালিতে স্বাস্থ্যকর্মী, সরকারি দপ্তরের কর্মী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশ নেন। হাতে সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে আয়ুর্বেদ, যোগব্যায়াম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং রোগ প্রতিরোধের বার্তা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
মাতাবাড়ি থেকে শুরু হয়ে র‍্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে চন্দ্রপুর ফুটবল সিনথেটিক প্লে গ্রাউন্ডে গিয়ে শেষ হয়। সেখানে চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে মানব আকৃতির ব্যানার প্রদর্শনের মাধ্যমে ‘সুস্থ আগামী দিনের জন্য আয়ুর্বেদ’ এবং ‘এক স্বাস্থ্য, এক ভবিষ্যৎ’—এই বার্তা তুলে ধরা হয়।