
গত ৬ সেপ্টেম্বর উদয়পুরের জগন্নাথ দিঘিতে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় দশম শ্রেণির ছাত্র দেবজ্যোতি দে-র। এরপর দিঘির জল ব্যবহার থেকে বিরত ছিলেন স্থানীয়দের একাংশ। জল শুদ্ধিকরণের উদ্দেশ্যে রবিবার আয়োজন করা হয় বিশেষ গঙ্গা পূজার।উদয়পুর পুর পরিষদের সহযোগিতায় ও জগন্নাথ বাড়ি মন্দির উন্নয়ন কমিটির উদ্যোগে এই পূজা অনুষ্ঠিত হয়। গোমতী নদী থেকে ১০৮ কলসি জল এনে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে দিঘিতে অর্পণ করা হয়।পুরোহিতদের মন্ত্রপাঠ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয় পূজার বিভিন্ন পর্ব। উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য, পুর পরিষদের প্রতিনিধি ও এলাকার বহু ভক্তপ্রাণ মানুষ। আয়োজকদের দাবি, ধর্মীয় রীতি অনুযায়ী পূজার পর দিঘির জল পুনরায় ব্যবহারের উপযোগী হয়েছে।