
মনু বাজার গ্রামীণ হাসপাতালে সরকারি উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। টাকার দাবিতে কাজ বন্ধ করার অভিযোগ তুলে এক ব্যক্তির বিরুদ্ধে মনু বাজার থানায় লিখিত এজাহার দায়ের করেছেন সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি।অভিযোগ, আগরতলার ‘দেব ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস’ মনু বাজার গ্রামীণ হাসপাতালে ইন্টারনেট ও ইলেকট্রনিক সংক্রান্ত সরকারি কাজের বরাত পায়। কাজের দেখভালের দায়িত্বে ছিলেন সাব্রুমের পশ্চিম হরিণার বাসিন্দা সুমিত রাহা।অভিযোগকারীর দাবি, গত পরশু হাসপাতালে কাজ চলাকালীন দেবজিৎ রায় নামে এক ব্যক্তি সেখানে গিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবি অনুযায়ী টাকা না দেওয়া পর্যন্ত কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়ার পাশাপাশি জোর করে কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে।ঘটনার পর সুমিত রাহা স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের কাছে বিষয়টি জানান। সেখানে সমাধান না হওয়ায় পরে সাব্রুমের SDPO এবং মনু বাজার থানায় গিয়ে দেবজিৎ রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ, মামলা দায়েরের পরও তাঁকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। যদিও এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।