ত্রিপুরা
img

দুর্গাপুজোর আগে যানজট নিয়ন্ত্রণে শহরজুড়ে ট্রাফিকের কড়া নজর

দুর্গাপুজোর আগে আগরতলা শহরকে যানজটমুক্ত রাখতে ফের অভিযানে নামল ট্রাফিক দপ্তর। নির্ধারিত সময়ের বাইরে  গিয়ে পণ্যবাহী লরির লোডিং-আনলোডিং এবং রাস্তার উপর বেআইনি পার্কিংয়ের অভিযোগে নেওয়া হচ্ছে ব্যবস্থা।আগরতলা শহরে পণ্যবাহী লরির লোডিং-আনলোডিংয়ের জন্য রাত ৯টা থেকে সকাল ৮টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই সময়ের মধ্যেই কাজ শেষ করে লরিগুলিকে শহর ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ রয়েছে। কিন্তু অভিযোগ, সেই নিয়ম উপেক্ষা করে দিনের বেলাতেও ব্যস্ত সড়কে দাঁড়িয়ে থাকছে একাধিক পণ্যবাহী লরি। ফলে তৈরি হচ্ছে যানজট।মোটরস্ট্যান্ড থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী লরি আসে। বিশেষ করে কাঁচা সবজি ও অন্যান্য পণ্য নিয়ে আসা লরির অনিয়ন্ত্রিত অবস্থানকে ঘিরে বাড়ছে সমস্যা।এদিন এমবিবি ক্লাব ও রামঠাকুর সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় রাস্তার উপর বেআইনিভাবে পার্কিং করে রাখা দুটি পণ্যবাহী গাড়ির বিরুদ্ধে অভিযান চালায় ট্রাফিক পুলিশ। পরে গাড়ি দুটিকে সরিয়ে এডি নগর পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।ট্রাফিক দপ্তরের দাবি, যানজট নিয়ন্ত্রণে নির্ধারিত সময়ের বাইরে রাস্তার উপর পণ্যবাহী গাড়ি দাঁড় করিয়ে রাখা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংগঠনগুলির সহযোগিতার মাধ্যমেই সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।সামনেই দুর্গাপুজো। উৎসবের মরশুমে শহরের ব্যস্ত সড়কগুলিতে যান চলাচল স্বাভাবিক রাখতে আগামী দিনগুলিতেও ট্রাফিকের এই অভিযান জারি থাকবে বলে জানানো হয়েছে।