
কৌশিকী অমাবস্যা উপলক্ষে বৃহস্পতিবার বিশেষ সাজে সেজে ওঠে উদয়পুরের ঐতিহাসিক মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির। ভোর থেকেই মায়ের দর্শন ও পূজা-অর্চনার জন্য মন্দির প্রাঙ্গণে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কৌশিকী অমাবস্যা একটি বিশেষ পুণ্য তিথি। এই দিনে মায়ের আরাধনা করলে মনোবাসনা পূর্ণ হয়—এমন বিশ্বাস রয়েছে ভক্তদের মধ্যে। সেই উপলক্ষে মন্দিরে আয়োজন করা হয় বিশেষ পূজা, যজ্ঞ ও আরতির।এই দিনের অন্যতম আকর্ষণ ছিল মায়ের বিশেষ সাজসজ্জা এবং প্রাচীন রীতি মেনে লেবুর মালা পরানোর পরম্পরা। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভক্তরা মায়ের চরণে পেড়া ভোগ ও অন্যান্য পূজার সামগ্রী নিবেদন করেন। ভক্তদের জয়ধ্বনি ও ভক্তিগীতিতে মুখর হয়ে ওঠে গোটা মন্দির চত্বর।মন্দিরের পুরোহিত জানান, কৌশিকী অমাবস্যায় মাতা ত্রিপুরা সুন্দরীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই বিশেষ তিথিতে দূরদূরান্ত থেকে ভক্তরা মায়ের আশীর্বাদ লাভের আশায় মন্দিরে আসেন।ভক্তসমাগমকে ঘিরে পুলিশ প্রশাসন ও মন্দির কমিটির পক্ষ থেকেও নেওয়া হয় বিশেষ ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং পুণ্যার্থীদের সুষ্ঠুভাবে দর্শনের জন্য অতিরিক্ত নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়।