ত্রিপুরা
img

মূর্তি তৈরিতে দিনরাত ব্যস্ত, ন্যায্য দাম না পেয়ে হতাশ কারিগর

ভাদ্র সংক্রান্তিতে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজোকে সামনে রেখে কুমারঘাট মহকুমার ফটিকরায় রাজনগরের মূর্তিপাড়ায় এখন চরম ব্যস্ততা। দিন-রাত এক করে দেবশিল্পীর মূর্তি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। মৃৎশিল্পী সুমন রুদ্রপাল জানালেন, প্রায় দু’মাস আগে থেকেই শুরু হয়েছে প্রতিমা তৈরির কাজ। এবছর প্রায় ৭০টি বিশ্বকর্মার মূর্তি তৈরি করছেন তাঁরা। সকাল থেকে রাত পর্যন্ত টানা ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করেও বাড়ছে না লাভের অঙ্ক। শিল্পীদের অভিযোগ, নির্মাণ সামগ্রীর দাম বাড়লেও বাজারে মূর্তির চাহিদা ও সঠিক মূল্য—দুটিই কমেছে। অন্যদিকে প্রবীণ মৃৎশিল্পী দীনবন্ধু রুদ্রপালও জানালেন, প্রায় ৭০টি মূর্তি তৈরির পরই শুরু হবে দুর্গা প্রতিমার কাজ। বাবা-ছেলে মিলে গভীর রাত পর্যন্ত কাজ করে পূর্বপুরুষের পেশাকে টিকিয়ে রাখার চেষ্টা করলেও ন্যায্য দাম না পাওয়ায় উদ্বেগ বাড়ছে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান বাজার পরিস্থিতিতে আগের মতো লাভ হচ্ছে না। হাতে সময় কম, তাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কারিগররা। কিন্তু দেবশিল্পীর অবয়ব গড়ার এই ব্যস্ততার মাঝেও তাঁদের মনে একটাই প্রশ্ন—পরিশ্রমের সঠিক মূল্য কি এবার মিলবে?