
ঊনকোটি জেলায় ফের প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা। প্রসূতি মায়ের সঙ্গে পৃথিবীর আলো দেখার আগেই মৃত্যু হলো তাঁর গর্ভস্থ সন্তানের। পরিবারের অভিযোগ, প্রসবের শেষ মুহূর্তে মহকুমা হাসপাতালে যথাযথ চিকিৎসা না পাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে তাঁকে জেলা হাসপাতালে পাঠানো হলেও সেখানে প্রয়োজনীয় প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতির কারণেই ২৪ বছরের নুর জাহানারা বেগম এবং তাঁর গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। মৃতার আত্মীয় লায়ক আলির অভিযোগ, চিকিৎসায় গাফিলতি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবের কারণেই এই মর্মান্তিক পরিণতি। যদিও ঘটনার প্রকৃত কারণ ও চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তসাপেক্ষ। এদিকে জেলা হাসপাতালে সংকটজনক প্রসূতির জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরিষেবা না থাকার অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে।