
উদয়পুর-কাকড়াবন সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। বোলেরো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত তিন যুবক। ঘটনাটি ঘটেছে জামজুরি গ্রাম পঞ্চায়েতের বৈষ্ণবীচর চৌমুহনী সংলগ্ন এলাকায়। একটি বোলেরো ও স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে রাস্তায় ছিটকে পড়েন স্কুটিতে থাকা অর্পিত দাস, অরিন্দম দাস ও শুভ্রজিৎ দাস। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজনই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাঁদের চিকিৎসা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকড়াবন থানার পুলিশ। কীভাবে এই সংঘর্ষ ঘটল এবং দুর্ঘটনার নেপথ্যে কী কারণ, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত। এদিকে অমরপুরের একটি দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে দুর্ঘটনাটি দেখতে পান কাকড়াবন-শালগড়া কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার। বাড়তে থাকা পথ দুর্ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চালকদের সতর্কতা এবং ট্রাফিক নিয়ম মেনে চলার ওপর জোর দেন তিনি।