ত্রিপুরা
img

দুর্গা চৌমুহানিতে জলাশয় উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন

আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের দুর্গা চৌমুহানি এলাকায় নিউ স্টার ক্লাবের পেছনে থাকা জলাশয়ের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো শুক্রবার।এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত-সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, জলাশয় সংস্কারের ফলে একদিকে যেমন পরিবেশ সংরক্ষণে সহায়তা হবে, অন্যদিকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও এই জলাশয় ব্যবহার করা সম্ভব হবে।তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন জলাশয় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শহরের জলাশয়গুলিকে সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় দুর্গা চৌমুহানির এই জলাশয়েরও উন্নয়ন করা হচ্ছে।জলাশয়ের উন্নয়নের কাজ সম্পন্ন হলে এলাকার পরিবেশ আরও সুন্দর হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এর সুফল পাবেন বলে আশা করা হচ্ছে।