
বর্ষা শুরু হতেই ফের বেহাল দশা জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের চরমপাই পাড়া ও মধুলা সর্দার পাড়ার যাতায়াতের রাস্তার। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় থাকা রাস্তা বর্ষার জলে কাদা ও বড় বড় গর্তে পরিণত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশে জল জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে ছাত্রছাত্রী, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থ রোগীদের যাতায়াতে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ।গ্রামবাসীদের একাংশের দাবি, বছরের পর বছর ধরে রাস্তার সমস্যার কথা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও স্থায়ী সমাধান হয়নি। বর্ষা এলেই পরিস্থিতি আরও সংকটজনক হয়ে পড়ে। কাদা-পাঁক পেরিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছেন মানুষ।এদিকে দীর্ঘদিনের এই সমস্যাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে এলাকায়। দ্রুত রাস্তা সংস্কার করে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করা না হলে আগামী দিনে ভোট বয়কটের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীদের একাংশ।এখন দেখার বিষয়, গ্রামবাসীদের এই অভিযোগের পর জোলাইবাড়ি ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।