
রক্তের সংকট মোকাবিলা এবং স্বেচ্ছায় রক্তদানের বার্তা ছড়িয়ে দিতে ধর্মনগরে আয়োজিত হলো মেগা রক্তদান শিবির। বৃহস্পতিবার উত্তর জেলা প্রশাসন ও ধর্মনগর মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলাশাসক কার্যালয় চত্বরে এই শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে ১১০ জনেরও বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা অনুষ্ঠানের উদ্বোধক জহর চক্রবর্তী। উপস্থিত ছিলেন উত্তর জেলা সভাধিপতি অর্পণা নাথ, ধর্মনগর মহকুমা শাসক দেবযানী চৌধুরী, জেলার অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার-সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক ও কর্মীরা।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হওয়ার পর প্রশাসনিক আধিকারিক ও কর্মীরা স্বেচ্ছায় রক্তদানে অংশ নেন। রক্তদানের গুরুত্ব তুলে ধরে বক্তারা জানান, একজনের রক্তদান অন্য একজনের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। প্রশাসনের এই উদ্যোগকে ঘিরে কর্মী ও আধিকারিকদের মধ্যে উৎসাহ দেখা যায়।