
মাদকবিরোধী অভিযানে শ্রীভূমি জেলা পুলিশের বড়সড় সাফল্য। মঙ্গলবার রাতে একলাবাড়ি নাকা চেকিং পয়েন্টে একটি ট্রাক আটক করে তল্লাশি চালায় পুলিশ। ট্রাকের চালকের আসনের নিচে তৈরি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৬৬ হাজার ইয়াবা ট্যাবলেট। যার কালোবাজারি মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় ট্রাক থেকে সুমন উদ্দিন ও তাজ উদ্দিন নামে দুজনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরে একটি হুন্ডাই গ্র্যান্ড i10 গাড়ি আটক করে আরও দুজন—রাজু আহমেদ ও মেহবুব আলম লস্করকে আটক করা হয়। চারজনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।