
তিপ্রা মথার ছাত্র সংগঠন ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্ট ফেডারেশনের কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল ঊনকোটি। দুপুরে ঊনকোটি কলাক্ষেত্রের সামনে জমায়েত হয়ে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের উদ্দেশ্যে মিছিল করেন সংগঠনের সদস্যরা।স্মারকলিপি দিতে কলেজে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এদিকে কলেজের ভিতরে থাকা এবিভিপি সদস্যদের স্লোগানের পাল্টা স্লোগান দিতে শুরু করেন তিপ্রা মথার ছাত্র সংগঠনের সদস্যরা।একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিপ্রা মথার ছাত্র সংগঠনের সদস্যরা কলেজের গেট ভাঙার চেষ্টা করলে আধাসামরিক বাহিনীর জওয়ানরা তাঁদের বাধা দেন। ঘটনাকে কেন্দ্র করে কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।তিপ্রা মথার যুব সংগঠনের জেলা সভাপতি অনুকূল দেববর্মার দাবি, পুলিশ প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের আগাম অনুমতি নিয়েই ছাত্রদের স্বার্থে স্মারকলিপি দিতে এসেছিলেন তাঁরা। কিন্তু তাঁদের কলেজে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।দুপুর ২টা পর্যন্ত স্মারকলিপি দিতে কলেজে প্রবেশ করতে পারেননি সংগঠনের সদস্যরা। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।