
বিলোনিয়ার নলুয়ায় বরোজ কলোনিতে অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু হয়েছে দেড় বছরের শিশু মেঘার। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন শিশুটির মা সুপর্ণা। তাঁর শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গেছে। রান্না থেকে আগুনের সূত্রপাত, নাকি অন্য কোনো কারণে এই অগ্নিকাণ্ড—তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরা কোথায় ছিলেন এবং আগুন লাগার পর কীভাবে মা ও শিশুকে উদ্ধার করা হয় এসব বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রথমে অগ্নিদগ্ধ সুপর্ণাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদিকে, দেড় বছরের শিশু মেঘার নিথর দেহ রাখা হয়েছে বিলোনিয়া হাসপাতালের মর্গে।ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরেও তৈরি হয়েছে শোকের আবহ। একদিকে মায়ের আশঙ্কাজনক অবস্থা, অন্যদিকে দেড় বছরের শিশুর মৃত্যু—মর্মান্তিক এই ঘটনায় এখন উত্তর খুঁজছে একাধিক প্রশ্নের।