
উদয়পুরের গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্স ময়দানে শুরু হলো রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭। ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা হ্যান্ডবল বিভাগে রাজ্যের আটটি জেলা থেকে মোট ১৬টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বিভিন্ন জেলার পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি।তিনি বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের ক্রীড়া প্রতিভা তুলে ধরার সুযোগ পাচ্ছে। এখান থেকে প্রতিভাবান খেলোয়াড়রা আগামী দিনে জাতীয় স্তরে ত্রিপুরার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেতে পারে বলেও জানান তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহকারী অধিকর্তা শান্তনু সূত্রধরসহ অন্যান্য বিশিষ্টজনেরা।উদ্বোধনী পর্ব শেষে দক্ষিণ ত্রিপুরা ও সিপাহীজলা জেলার মধ্যে হ্যান্ডবল ম্যাচের মধ্য দিয়ে মূল প্রতিযোগিতা শুরু হয়।রাজ্যস্তরের এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভার সন্ধান মিলবে এবং প্রতিভাবান খেলোয়াড়রা আগামী দিনে জাতীয় স্তরে খেলার সুযোগ পাবে—এমনটাই আশা আয়োজকদের।