
চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো চোরের! মেলাঘরের তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের ফকিরবাড়ি এলাকায় গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর সময় ঘটনাস্থলেই ঘুমিয়ে পড়ে এক যুবক। রবিবার গভীর রাতে স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজার চিটকিনি ভেঙে সিলিন্ডার নিয়ে কিছুটা দূরে গিয়ে সেটি পাশে রেখে ঘুমিয়ে পড়ে অভিযুক্ত। রাত সাড়ে তিনটা নাগাদ বাড়ির মালিক স্বপন ঘোষ সিলিন্ডার খুঁজতে গিয়ে অভিযুক্তকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা তাকে আটক করে মেলাঘর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইমান হোসেন নামে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। চুরির কারণ এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি তৈরি হয়েছে হাসির খোরাকও।