
স্বাধীনতার ৮০ বছর পূর্তি। আর সেই বিশেষ দিনকে সামনে রেখে মানবসেবার বার্তা নিয়ে এগিয়ে এল সংহতি ক্লাব।
স্বাধীনতা দিবস এবং ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ রক্তদান শিবিরের। তবে উদ্যোগ শুধু রক্তদানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না।শিবিরে আয়োজন করা হয় মরণোত্তর দেহদান, মরণোত্তর চক্ষুদান এবং আধার নিবন্ধকরণ শিবিরেরও। অর্থাৎ স্বাধীনতার উৎসবকে মানুষের পাশে দাঁড়ানোর এক বৃহত্তর সামাজিক উদ্যোগে পরিণত করা হয়।অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা ত্রিপুরা বিধানসভার বিধায়ক দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্বামী শুভকরানন্দ মহারাজসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। স্বাধীনতার আনন্দের পাশাপাশি রক্তদান, দেহদান ও চক্ষুদানের মতো মানবিক উদ্যোগের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতার বার্তাই তুলে ধরল এই আয়োজন।