ত্রিপুরা
img

হাসপাতালের ড্রেনে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার !

ধর্মনগর জেলা হাসপাতাল চত্বরে ড্রেন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।জানা যায়, দুপুর আনুমানিক ১২টা নাগাদ কয়েকজন ব্যক্তি হাসপাতাল চত্বরে আসার সময় ড্রেনের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। বিষয়টি নজরে আসতেই হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। ড্রেন থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায়নি।কীভাবে ওই ব্যক্তি হাসপাতাল চত্বরে ড্রেনের মধ্যে পড়লেন, দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে—তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর তদন্ত শুরু করেছে ধর্মনগর থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।