
শুধু চিকিৎসা পরিষেবা নয়, গুণগত মান এবং পরিকাঠামোর দিক থেকেও সাফল্যের স্বীকৃতি পেল শান্তিরবাজার জেলা হাসপাতাল।চিকিৎসা পরিষেবার মানোন্নয়নে আরও একধাপ এগিয়ে গেল শান্তিরবাজার জেলা হাসপাতাল। ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্টে ভালো ফলাফল অর্জন করে সাফল্যের স্বীকৃতি পেল দক্ষিণ জেলার এই গুরুত্বপূর্ণ হাসপাতাল।শান্তিরবাজারে অবস্থিত জেলা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা দীর্ঘদিন ধরেই রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছেন। চিকিৎসা পরিষেবার পাশাপাশি হাসপাতালের গুণগত মান এবং পরিকাঠামো যাচাই করতে কেন্দ্রীয় স্তরের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট টিমের প্রতিনিধিরা হাসপাতালে পৌঁছন।দুই দিন ধরে হাসপাতালের বিভিন্ন পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা এবং গুরুত্বপূর্ণ বিভাগগুলির কার্যক্রম খতিয়ে দেখেন প্রতিনিধিদলের সদস্যরা। মোট ১৪টি বিভাগে গুণগত মান যাচাই করা হয়।পরিদর্শনের পর হাসপাতালের পরিষেবা এবং চিকিৎসকদের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে ভালো ফলাফলের সার্টিফিকেট প্রদান করা হয়। এই স্বীকৃতির খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ জেলার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে খুশির পরিবেশ।বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে সন্ধ্যাকালীন ওপিডি পরিষেবাও চালু রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের লক্ষ্য, রোগীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি চিকিৎসার জন্য অন্য হাসপাতালে ছুটে যাওয়ার প্রবণতা কমানো এবং রেফারের সংখ্যা কমিয়ে আনা।হাসপাতালের এমএস জানান, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনেও পরিষেবার মান আরও উন্নত করার চেষ্টা অব্যাহত থাকবে।