
দীর্ঘদিনের অভিযোগের পর এবার সরেজমিনে সরকারি দপ্তরের কর্মীদের উপস্থিতি খতিয়ে দেখলেন গণ্ডাছড়ার মহকুমা প্রশাসন। বুধবার গণ্ডাছড়া মহকুমার টিআরপি/পিটিজি দপ্তরে আকস্মিক পরিদর্শনে যান মহকুমা শাসক তথা এসডিএম অভিজিৎ সিং যাদব।অভিযোগ ছিল, এই দপ্তরের কর্মীদের একাংশ নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকেন না। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ পাওয়ার পরই আকস্মিকভাবে দপ্তরে যান এসডিএম।পরিদর্শনের সময় দপ্তরে একজন কর্মীকেও উপস্থিত পাওয়া যায়নি বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে সরকারি পরিষেবা এবং প্রশাসনিক কাজের গতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের অনিয়মিত উপস্থিতির কারণে বিভিন্ন সরকারি ও কেন্দ্রীয় প্রকল্পের কাজ ব্যাহত হচ্ছে। পাশাপাশি সরকারি পরিষেবা পেতে গিয়ে সাধারণ মানুষকেও হয়রানির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ।বিশেষ করে দপ্তরের প্রোগ্রাম অফিসার শুভঙ্কর রিয়াং-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে নিয়মিত উপস্থিত না থাকার অভিযোগ করে আসছিলেন এলাকাবাসীর একাংশ। যদিও অভিযোগের সত্যতা এবং এর ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপই এখন গুরুত্বপূর্ণ।আকস্মিক পরিদর্শনের পর প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন স্থানীয়রা। অভিযোগ প্রমাণিত হলে দায়িত্বে গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।কারণ প্রশ্ন একটাই—সরকারি দপ্তর যদি কর্মীদের অনুপস্থিতিতে ফাঁকা থাকে, তাহলে সাধারণ মানুষের কাজ করবে কে?