
জাতীয় পতাকার মর্যাদা নিয়ে এবার প্রশ্নের মুখে উত্তর জেলার কালাছড়া ব্লকের ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েত।অভিযোগ, পঞ্চায়েত কার্যালয় প্রাঙ্গণে গত দু-তিন দিন ধরে ভারতের জাতীয় পতাকা উল্টো অবস্থায় ঝুলতে দেখা যায়। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই শুরু হয় ক্ষোভ ও সমালোচনা।স্থানীয়দের অভিযোগ, পঞ্চায়েত কার্যালয়ে প্রধান, সচিবসহ কর্মীদের উপস্থিতি থাকা সত্ত্বেও দিনের পর দিন এমন অবস্থায় পতাকা ঝুলে থাকা অত্যন্ত দুঃখজনক। তাঁদের বক্তব্য, জাতীয় পতাকার যথাযথ মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিক এবং সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব।ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা। পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত হওয়ায় শাসকদলের জাতীয়তাবাদী অবস্থান নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ।তবে এই অভিযোগ নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, দ্রুত পতাকাটি সঠিকভাবে উত্তোলনের পাশাপাশি ঘটনার দায় নির্ধারণ করে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হোক।