
ছাত্রী ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এবার পথে নামল বামপন্থী সংগঠনগুলি। একের পর এক ছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে চার দফা দাবি সামনে রেখে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন প্রদান করেন AIDSO, AIYF এবং AIDMSS-এর প্রতিনিধিরা।সংগঠনগুলির অভিযোগ, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান এবং তার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানানো হয়। পাশাপাশি নারী ও ছাত্রীদের বিরুদ্ধে অপরাধের ঘটনায় দ্রুত তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি তোলা হয়।চার দফা দাবি নিয়ে পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি তুলে দিয়ে সংগঠনের প্রতিনিধিরা জানান, ছাত্রী ও মহিলাদের নিরাপত্তার প্রশ্নে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। এখন ডেপুটেশনের পর পুলিশ প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই নজর আন্দোলনকারীদের।