ত্রিপুরা
img

আগরতলা রেলস্টেশনে গাঁজাসহ যুবক গ্রেফতার

আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী অভিযান। প্ল্যাটফর্ম নম্বর একের পার্কিং এলাকার কাছ থেকে বিপুল পরিমাণ সন্দেহভাজন গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল আগরতলা জিআরপিএস। পুলিশের দাবি, স্কাই-ব্লু রঙের ট্রলি ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল ১২ কেজিরও বেশি গাঁজা। 
শনিবার, ৮ আগস্ট দুপুর প্রায় ২টা নাগাদ আগরতলা জিআরপিএস-এর এসআই পঙ্কজ কুমার দাস এবং অন্যান্য পুলিশকর্মীরা অভিযান চালিয়ে এক যুবককে আটক করেন। পুলিশ সূত্রে জানা গেছে, আগরতলা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে, পার্কিং এলাকার সামনে, আরপিএফ পোস্ট এবং পে অ্যান্ড ইউজ টয়লেটের মধ্যবর্তী এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি স্কাই-ব্লু রঙের ট্রলি ব্যাগ। আর সেই ট্রলি ব্যাগের ভিতরেই ছিল সন্দেহভাজন বিপুল পরিমাণ গাঁজা। ওজন করা হলে মোট ১২ কেজি ৪৬৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃত যুবকের নাম হাচ্ছিবুল হোসেন, বয়স ২৬ বছর। তাঁর বাড়ি সিপাহিজলা জেলার সোনামুড়া থানাধীন মধুবন এলাকার কলেজ সংলগ্ন অঞ্চলে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া গাঁজার কালোবাজারি মূল্য প্রায় ২ লক্ষ টাকা। ঘটনার পরই গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি হাচ্ছিবুল হোসেনকে গ্রেফতার করে আগরতলা জিআরপিএস। পুলিশের তদন্তের পরই পুরো ঘটনার আসল চিত্র আরও স্পষ্ট হবে।