ত্রিপুরা
img

চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ধর্মনগরে ফিরল ফুটবলাররা

বিলোনিয়ায় আট জেলার লড়াইয়ে চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়েছে উত্তর ত্রিপুরা জেলা ফুটবল দল। এবার সেই চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়েই ধর্মনগরে ফিরল জয়ী দল। ধর্মনগর রেলস্টেশনে তাঁদের ঘিরে দেখা গেল উৎসাহ-উচ্ছ্বাস। 
গত ৩ আগস্ট বিলোনিয়ার বি.কে.আই ময়দানে শুরু হয় জেলাভিত্তিক ফুটবল প্রতিযোগিতা। ৪৩ নম্বর বিএসএফ-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের আটটি জেলার ফুটবল দল অংশগ্রহণ করে। উত্তর জেলার দলটি প্রখ্যাত ফুটবলার ও কোচ অঞ্জন পালের তত্ত্বাবধানে প্রতিযোগিতায় অংশ নেয়। ৩ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত চলে টানটান লড়াই। একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে পিছনে ফেলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে উত্তর জেলার ফুটবল দল। শুধু জেলা পর্যায়ে নয়, রাজ্যের আট জেলার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে উত্তর ত্রিপুরা। চ্যাম্পিয়ন ট্রফি হাতে নিয়ে আজ ট্রেনে করে ধর্মনগরে পৌঁছায় দলের খেলোয়াড়রা। আর তাঁদের স্বাগত জানাতে ধর্মনগর রেলস্টেশনে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তীসহ ক্রীড়াপ্রেমী ও শুভানুধ্যায়ীরা। 
চ্যাম্পিয়নের ট্রফি এখন উত্তর ত্রিপুরায়। কিন্তু এই সাফল্য কি আরও বড় মঞ্চে জেলার নতুন ফুটবল প্রতিভাদের পথ খুলে দেবে? উত্তরটা দেবে আগামী দিনের মাঠ।