
স্বাধীনতার চেতনাকে আরও শক্তিশালী করতে শুরু হচ্ছে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির পঞ্চম সংস্করণ। ৯ থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে থাকবে একাধিক কর্মসূচি। এরই প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাল তথ্য ও সংস্কৃতি দপ্তর।
শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব কিরণ গিত্তে। উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য।দেশপ্রেমের চেতনাকে আরও শক্তিশালী করতে রাজ্যজুড়ে আয়োজন করা হবে তিরঙ্গা র্যালি, প্রদর্শনী, তিরঙ্গা কনসার্ট, বাইক ও সাইকেল র্যালি, রঙ্গোলি, ত্রিবর্ণ আলোকসজ্জা এবং ‘সেলফি উইথ তিরঙ্গা’-সহ একাধিক অনুষ্ঠান।রাজ্যস্তরের প্রধান তিরঙ্গা র্যালি আগামী ১১ আগস্ট বিকেল সাড়ে ৪টায় আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ থেকে শুরু হবে। মুখ্যমন্ত্রী র্যালির সূচনা করবেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে র্যালিটি রবীন্দ্র শতবার্ষিকী ভবনে গিয়ে শেষ হবে। সেখানে থাকবে তিরঙ্গা প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে জাতীয় পতাকা প্রস্তুত ও বিক্রির ব্যবস্থাও করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই পতাকা সংগ্রহ করতে পারেন।