ত্রিপুরা
img

বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, অবরোধের হুঁশিয়ারি

প্রতিশ্রুতি মিলেছিল রাস্তা সংস্কারের, কিন্তু অভিযোগ—আজও বদলায়নি পরিস্থিতি। বেহাল রাস্তা নিয়ে ফের ক্ষোভে ফুঁসছেন দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের নোয়াবাড়ি ও মাখন সরদারপাড়া এলাকার বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, নোয়াবাড়ি থেকে মাখন সরদারপাড়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার বিভিন্ন অংশ ভেঙে তৈরি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টির জেরে সেই গর্তে জমছে কাদা ও জল। ফলে বাইক কিংবা গাড়ি নিয়ে চলাচল তো দূরের কথা, অনেক সময় পায়ে হেঁটেও যাতায়াত করা কঠিন হয়ে পড়ছে বলে অভিযোগ এলাকাবাসীর।  শনিবার ক্ষুব্ধ হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আগরতলা–কমলাসাগর–মধুপুর মূল সড়ক অবরোধে বসবেন তাঁরা। স্থানীয়দের দাবি, প্রায় পাঁচশো পরিবার এই সমস্যার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চান তাঁরা।