
শান্তিরবাজারে এলপিজি গ্যাস সরবরাহকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ গ্রাহকদের। গ্যাস সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় কম গ্যাস থাকার অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন বহু গ্রাহক। শুধু তাই নয়, অতিরিক্ত অর্থের বিনিময়ে গ্যাস সরবরাহের অভিযোগও উঠেছে।শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর শহীদ স্মৃতি বিদ্যামন্দির সংলগ্ন মাঠে সোমবার এলপিজি গ্যাস বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগ, শান্তি গ্যাস এজেন্সির পক্ষ থেকে গ্যাস সিলিন্ডার বিতরণের সময় কয়েকজন গ্রাহকের সন্দেহ হলে তারা উপস্থিত কর্মীদের সামনেই সিলিন্ডারের ওজন করার দাবি জানান।গ্রাহকদের দাবি, ওজন করে দেখা যায় একাধিক সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় সর্বনিম্ন ২ কেজি থেকে সর্বোচ্চ ৪ কেজি পর্যন্ত গ্যাস কম রয়েছে। পরীক্ষা করা প্রায় ১০টি সিলিন্ডারের মধ্যে মাত্র একটি সঠিক ওজনের ছিল বলে অভিযোগ করেন তাঁরা।এরপরই ক্ষুব্ধ গ্রাহকরা বিক্ষোভে সামিল হন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই ধরনের অনিয়ম চলছে। পাশাপাশি সংকটের সময় অতিরিক্ত অর্থের বিনিময়ে গ্যাস সরবরাহের অভিযোগও তুলে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা।গ্রাহকরা খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তরের হস্তক্ষেপ চেয়ে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ওজনে গরমিল, অতিরিক্ত অর্থের অভিযোগ—সব মিলিয়ে প্রশ্নের মুখে গ্যাস সরবরাহ ব্যবস্থা। এবার তদন্তে কী উঠে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে শান্তিরবাজারের হাজারো গ্রাহক।