
উন্নয়নের বার্তা দিতে কুমারঘাটে বিদ্যুৎ নিগমের নতুন ভবনের শিলান্যাস করতে এসেছিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। কিন্তু অনুষ্ঠানের আগেই অফিস চত্বরে স্মার্ট মিটার, রিচার্জ জটিলতা ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। ফলে উন্নয়নের চেয়ে বেশি চর্চায় উঠে আসে মানুষের অসন্তোষ।
সোমবার ঊনকোটি জেলার কুমারঘাটে বিদ্যুৎ নিগমের নতুন ডিভিশন ও সাব-ডিভিশন অফিস ভবনের শিলান্যাস করেন বিদ্যুৎ, কৃষি ও আইনমন্ত্রী রতন লাল নাথ।তবে অনুষ্ঠানের ঠিক আগে বিদ্যুৎ নিগমের অফিসেই রিচার্জ করতে এসে ক্ষোভে ফেটে পড়েন একাধিক গ্রাহক।তাঁদের অভিযোগ, স্মার্ট মিটারে আগের তুলনায় বেশি টাকা রিচার্জ করেও কম ইউনিট মিলছে। এছাড়া ইচ্ছামতো কম টাকার রিচার্জ করা যাচ্ছে না বলেও দাবি করেন তাঁরা।গ্রাহকদের বক্তব্য, আগে ৩০০ বা ৫০০ টাকায় রিচার্জ করা গেলেও এখন ন্যূনতম অনেক বেশি অর্থ রিচার্জ করতে বাধ্য করা হচ্ছে। এতে সাধারণ মানুষ আর্থিকভাবে চাপে পড়ছেন।
আরও এক গ্রাহক অপর্ণা সরকারও একই অভিযোগ তুলে বলেন, ৫০০ টাকার রিচার্জ করতে গিয়েও তাঁকে বেশি টাকার রিচার্জ করতে বলা হয়েছে। স্মার্ট মিটার চালুর পর থেকে ভোগান্তি বেড়েছে বলেও অভিযোগ তাঁর।অন্যদিকে নির্ধারিত সময়ে অনুষ্ঠানে মন্ত্রী উপস্থিত না হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় আমন্ত্রিত অতিথি ও সাধারণ মানুষকে। এ নিয়েও দেখা দেয় অসন্তোষ।