
আগরতলার আরালিয়া ব্রহ্মাকুমারী কেন্দ্রে সোমবার অনুষ্ঠিত হলো এক বিশেষ সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান।এদিন আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয় '১০ কোটি নেশামুক্তির শপথ মেগা ক্যাম্পেইন' এবং 'ইউনিভার্সাল ব্রাদারহুড ব্লাড ডোনেশন ড্রাইভ'-এর।আগামী ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে চলবে নেশামুক্তির শপথ অভিযান। যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করে নেশামুক্ত ভারত গড়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।একইসঙ্গে ঘোষণা করা হয়, আগামী ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত ত্রিপুরাজুড়ে পরিচালিত হবে ইউনিভার্সাল ব্রাদারহুড ব্লাড ডোনেশন ড্রাইভ।স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করা, রক্তের ঘাটতি পূরণ এবং মানবসেবার বার্তা সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য বলে জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু এমবিবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিভাস দেব, ব্রহ্মাকুমারী সার্ভিসের ইনচার্জ বি.কে. জোনালি বেহেনজি-সহ বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের প্রতিনিধিরা।অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত সকলকে নেশার বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।আয়োজকদের দাবি, নেশামুক্ত সমাজ গঠনের পাশাপাশি রক্তদানের মতো মানবিক উদ্যোগকে গণআন্দোলনে রূপ দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।
একদিকে নেশার বিরুদ্ধে সচেতনতার ডাক, অন্যদিকে মানবতার সেবায় রক্তদানের আহ্বান। সামাজিক পরিবর্তনের এই দুই বার্তা কতটা মানুষের কাছে পৌঁছায়, এখন সেদিকেই নজর সকলের।