ত্রিপুরা
img

চান মিয়াকে ঘিরে অপপ্রচারে ক্ষোভ এলাকাবাসীর

তেলিয়ামুড়ার পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবী চান মিয়াকে ঘিরে সাম্প্রতিক অপপ্রচারের অভিযোগে এবার সরব এলাকাবাসী। তাঁর সামাজিক কাজের কথা তুলে ধরে অপপ্রচারের নিন্দা জানালেন স্থানীয়রা। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি নানা সামাজিক ও মানবিক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন তিনি।স্থানীয়দের বক্তব্য, নিয়মিত কর প্রদান থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো—বিভিন্ন ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চান মিয়া। সম্প্রতি এসএমএ আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা সংগ্রহেও তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন বলে দাবি করেন এলাকাবাসী।এলাকাবাসীর আরও দাবি, সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে যে ধরনের প্রচার চলছে, তা সত্যতা যাচাই না করেই করা হচ্ছে। একজন সমাজসেবী ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীর সম্মানহানি হয়—এমন অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা। তবে এই অভিযোগ ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।