
দেশকে নেশামুক্ত করার লক্ষ্যে শুরু হলো ১০০ সপ্তাহব্যাপী এক বৃহৎ জন-আন্দোলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হলো ‘বিকশিত ভারত সংকল্প অভিযান – নেশামুক্ত যুব’। ভিডিও কনফারেন্সে দেশজুড়ে লক্ষ লক্ষ যুবকের সঙ্গে যুক্ত হয়ে মাদকবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।
নেশামুক্ত ও বিকশিত ভারত গড়ার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘বিকশিত ভারত সংকল্প অভিযান – নেশামুক্ত যুব’। রবিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন মাই ভারত-এর উদ্যোগে শুরু হওয়া এই অভিযানে দেশের ২৫ হাজারেরও বেশি স্থানের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। এক কোটিরও বেশি যুবক-যুবতী মাদকমুক্ত ভারতের শপথ গ্রহণ করেন।এই কর্মসূচির মাধ্যমে শুরু হলো ১০০ সপ্তাহব্যাপী জন-আন্দোলন। আগামী দিনগুলোতে দেশজুড়ে ক্রীড়া, সচেতনতা অভিযান, পদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যোগাভ্যাস ও বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে নেশাবিরোধী বার্তা পৌঁছে দেওয়া হবে।এদিকে আগরতলায় সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত রাজ্যস্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস, রেজিস্ট্রার সমীর কুমার শীল, সমাজকল্যাণ দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস, পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার, মাই ভারতের অধিকর্তা মাহবুব আলম লস্করসহ বিশিষ্ট ব্যক্তিরা।
নেশার বিরুদ্ধে এই লড়াই কতটা সফল হবে, তা নির্ভর করবে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর। ১০০ সপ্তাহের এই অভিযান কি সত্যিই গড়ে তুলতে পারবে এক নেশামুক্ত বিকশিত ভারত? এখন সেদিকেই নজর।