
জেলা হাসপাতালের সামনে রোগী ও সাধারণ মানুষের সুবিধার জন্য শুরু হলো নতুন উদ্যোগ। ২০টি বাণিজ্যিক স্টলের উদ্বোধনের মাধ্যমে মিলবে ওষুধ, খাবারসহ বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা। তবে এই প্রকল্প ঘিরে রয়েছে আগের বিতর্কের ছায়াও।
পৌর পরিষদের উদ্যোগে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় স্টলগুলি।পৌর পরিষদ জানিয়েছে, প্রথম পর্যায়ে ২০টি স্টল চালু হলেও ভবিষ্যতে আরও ৪০টি স্টল নির্মাণ করা হবে। ফলে মোট ৬০টি বাণিজ্যিক স্টল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তরুণ কান্তি মজুমদার, চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।কর্তৃপক্ষের দাবি, হাসপাতালের সামনে ওষুধের দোকান, হোটেল, চায়ের দোকান ও অন্যান্য পরিষেবা চালু হওয়ায় রোগী ও তাঁদের পরিবারের ভোগান্তি অনেকটাই কমবে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের জন্যও তৈরি হবে নতুন কর্মসংস্থানের সুযোগ।তবে কয়েক মাস আগে একই এলাকায় নির্মিত কিছু স্টল ভেঙে পড়ার ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। ক্ষতিগ্রস্ত স্টল পুনর্নির্মাণের কাজও চলছে বলে জানিয়েছে পৌর পরিষদ।
এখন নজর, পরিকল্পনা অনুযায়ী বাকি ৪০টি স্টল কবে নির্মাণ হয় এবং এই প্রকল্প সাধারণ মানুষের কতটা উপকারে আসে।