ত্রিপুরা
img

গোমতীতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

রাজ্যে একের পর এক চুরির ঘটনায় বাড়ছে সাধারণ মানুষের উদ্বেগ। এবার গোমতী জেলার উদয়পুরের চন্দ্রপুর এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলসের এক কর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা। ভেঙে ফেলা হয়েছে একাধিক তালা, লুট হয়েছে লক্ষাধিক টাকার স্বর্ণালঙ্কার ও মূল্যবান সামগ্রী। উদয়পুর মহকুমার চন্দ্রপুর ভিলেজ বাজার সংলগ্ন এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলসের কর্মী দুলাল মিয়ার বাড়িতে পরিবারের সদস্যরা অনুপস্থিত থাকার সুযোগে হানা দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, বাড়ির মূল দরজার গিলসহ মোট চারটি তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে চোরের দল। এরপর গডরেজ আলমারি এবং ঘরের আরও একাধিক তালা ভেঙে চালানো হয় তছনছ। বাড়ির মালিকের দাবি, স্বর্ণালঙ্কার-সহ আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকা মূল্যের মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। পাশাপাশি ঘরের প্রায় সমস্ত জিনিসপত্র এলোমেলো করে রেখে যায় তারা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রাধাকিশোরপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।