
স্বনির্ভর ভারতের লক্ষ্যকে সামনে রেখে শুরু হলো দেশব্যাপী "আমিও স্বদেশী সমর্থক" ডিজিটাল অভিযান। আগরতলার লোক ভবন থেকে রাজ্যপালের হাত ধরে ত্রিপুরায় আনুষ্ঠানিক সূচনা হলো এই কর্মসূচির। আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ অভিযান। স্বদেশী জাগরণ মঞ্চ ও স্বাবলম্বী ভারত অভিযানের যৌথ উদ্যোগে আগামী ১ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে "আমিও স্বদেশী সমর্থক" ডিজিটাল অভিযান। ত্রিপুরায় এই কর্মসূচির শুভ সূচনা হয় আগরতলার লোক ভবন থেকে। রাজ্যের মাননীয় রাজ্যপালের হাত ধরে উদ্বোধন হওয়া এই অভিযানে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব ভারতের স্বদেশী জাগরণ মঞ্চের ক্ষেত্রীয় সম্পর্ক প্রমুখ সি.এ. রতন কুমার দাস, প্রান্ত সংযোজক শিবাজী বোস, সহ-সমন্বয়ক ইন্দ্রজিৎ দেব-সহ অন্যান্যরা। আয়োজকদের দাবি, এই অভিযান সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। অনলাইন রেজিস্ট্রেশন, কিউআর কোড, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্রচারের মাধ্যমে দেশের সর্বস্তরের মানুষকে যুক্ত করা হবে। অংশগ্রহণকারীদের দেওয়া হবে ডিজিটাল "স্বদেশী সমর্থক" সার্টিফিকেট। ত্রিপুরা জুড়ে এই অভিযানে প্রায় পাঁচ লক্ষ মানুষকে যুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।