
ব্রাহ্মণ সমাজকে নিয়ে বিরোধী দলনেতা তথা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর মন্তব্যের প্রতিবাদে শনিবার রাজপথে নামল বিশ্ব হিন্দু পরিষদ। আগরতলায় বিক্ষোভ মিছিল ও পথসভার মাধ্যমে সংগঠনটি তাদের ক্ষোভ প্রকাশ করে। রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে মেলার মাঠে পৌঁছায়। সেখানে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। বিশ্ব হিন্দু পরিষদের দাবি, ব্রাহ্মণ সমাজকে উদ্দেশ্য করে করা মন্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। তাই অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের ক্ষেত্রীয় ধর্ম প্রচার প্রমুখ পূর্ণচন্দ্র মণ্ডল, রাজ্য সম্পাদক শংকর দাস-সহ সংগঠনের অন্যান্য পদাধিকারী ও কর্মী-সমর্থকরা। সভা থেকে ভবিষ্যতেও প্রয়োজনে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।