
উত্তর ত্রিপুরার ধর্মনগর বাজারে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর দোকানে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দরজা ভেঙে প্রায় ৬০ কেজিরও বেশি সুপারি-সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। বাজারের মাঝখানে অবস্থিত ব্যবসায়ী ইমাংসু রুদ্রপাল-এর দোকানের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে চোরের দল। দোকান মালিকের অভিযোগ, দুষ্কৃতীরা প্রায় ৬০ কেজিরও বেশি সুপারি-সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। শনিবার সকালে দোকান খুলতে এসে দরজা ভাঙা এবং ভেতরের মালপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। এরপরই ধর্মনগর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা জানতে আশপাশের তথ্য সংগ্রহের পাশাপাশি অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। দোকান মালিক ইমাংসু রুদ্রপাল জানান, এর আগেও তাঁর দোকানে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। বাজারের কেন্দ্রস্থলে বারবার এমন ঘটনা ঘটায় তিনি ক্ষোভ প্রকাশ করে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি জানান।