ত্রিপুরা
img

পেঁচারথলে শিশুশ্রমবিরোধী অভিযানে শিশু উদ্ধার

শিশুশ্রমের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা প্রশাসনের। ঊনকোটির পেঁচারথল বাজারে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ অভিযানে উদ্ধার করা হলো এক শিশু শ্রমিক। শিশুশ্রম নির্মূলে আরও একধাপ এগোল রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর।'প্যান ইন্ডিয়া রেইড অ্যান্ড রেসকিউ' কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার পেঁচারথল বাজারে পরিচালিত হয় বিশেষ অভিযান। অভিযানে একটি দোকানে কাজ করার সময় এক শিশু শ্রমিককে উদ্ধার করা হয়। জেলা চাইল্ড প্রোটেকশন অফিসার সাগরদ্বীপ মালাকার জানান, শিশুশ্রম রোধে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। উদ্ধার হওয়া শিশুটির নিরাপত্তা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে শিশুশ্রম  আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। প্রশাসনের দাবি, শিশুশ্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে, যাতে কোনো শিশুকে জীবিকার জন্য শৈশব হারাতে না হয়।