
পড়ুয়াদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে কড়া পদক্ষেপ মহারাষ্ট্র সরকারের। এবার স্কুলের সামনে আর বিক্রি করা যাবে না জাঙ্ক ফুড। শুধু বিক্রিই নয়, নিষিদ্ধ করা হয়েছে এই ধরনের খাবারের বিজ্ঞাপনও। রাজ্যের খাদ্য নিয়ামক সংস্থা নতুন নির্দেশিকায় জানিয়েছে, স্কুল চত্বর এবং স্কুল থেকে ৫০ মিটারের মধ্যে কোনও ধরনের অস্বাস্থ্যকর বা জাঙ্ক ফুড বিক্রি করা যাবে না। এই নির্দেশিকা সরকারি ও বেসরকারি—উভয় ধরনের স্কুলের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। রাজ্যে প্রায় ১ লক্ষ ৮ হাজার স্কুল এবং ২ কোটিরও বেশি পড়ুয়া এই সিদ্ধান্তের আওতায় আসবে। নিষিদ্ধ তালিকায় রয়েছে বড়া পাও, শিঙাড়া, চিপস, ডুবো তেলে ভাজা খাবার, কোমল পানীয়, চকোলেট ও আইসক্রিমসহ অতিরিক্ত চিনি, নুন ও ফ্যাটযুক্ত খাবার। এছাড়াও স্কুল ক্যান্টিন, হস্টেল, মিড-ডে মিল, অঙ্গনওয়াড়ি এবং খাবার সরবরাহকারী সংস্থাগুলির বৈধ FSSAI লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে। স্কুলে 'ফুড সেফটি' ডিসপ্লে বোর্ড, ফুড সেফটি সুপারভাইজার এবং ‘ইট রাইট স্কুল’ কর্মসূচিও চালু করতে হবে। খাদ্য নিয়ামক সংস্থা জানিয়েছে, প্রথমে এই নির্দেশিকা কার্যকর করার দায়িত্ব থাকবে স্কুল কর্তৃপক্ষের ওপর। পরবর্তীতে শিক্ষা দপ্তর ও খাদ্য নিরাপত্তা আধিকারিকরা নিয়মিত পরিদর্শন করবেন। নিয়ম ভাঙলে ২০০৬ সালের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।