ত্রিপুরা
img

আগামীকাল শুরু ডিজিটাল গৃহ তালিকাভুক্তি কার্যক্রম

২০২৭ সালের আদমশুমারির প্রথম ধাপ শুরু হচ্ছে ১আগস্ট থেকে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন গৃহ তালিকাভুক্তি কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুত। ২০২৭ সালের জাতীয় আদমশুমারিকে সামনে রেখে গৃহ তালিকাভুক্তি কার্যক্রম বা হাউস লিস্টিং অপারেশন শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। আগামী ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত জেলার প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন প্রশিক্ষিত গণনাকারীরা। জেলা প্রশাসন জানিয়েছে, ২০২৭ সালের আদমশুমারি দুই ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে বাড়ি ও পরিবার সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে, আর দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে প্রত্যেক ব্যক্তির তথ্য সংগ্রহ করা হবে। এবারের আদমশুমারির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো—সম্পূর্ণ ডিজিটাল তথ্য সংগ্রহ ব্যবস্থা। মোবাইল অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করবেন গণনাকারীরা। পশ্চিম ত্রিপুরা জেলায় এই কাজের জন্য তৈরি করা হয়েছে ৮৭৯টি হাউস লিস্টিং ব্লক। দায়িত্বে থাকবেন ৯৫৪ জন গণনাকারী এবং ১৭০ জন সুপারভাইজার, যারা ইতিমধ্যেই প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। গৃহ তালিকাভুক্তির আগে প্রথমবারের মতো ডিজিটাল স্ব-গণনা এর সুযোগও দেওয়া হয়েছিল। ৩০ জুলাই পর্যন্ত পশ্চিম ত্রিপুরার ১৩ হাজার ৫৩২টি পরিবার স্ব-গণনা সম্পন্ন করেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্ব-গণনা সম্পন্ন করলেও নির্ধারিত গণনাকারী যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বাড়িতে যাবেন। তাই পরিবারগুলিকে Self Enumeration ID প্রস্তুত রাখার অনুরোধ জানানো হয়েছে। জনসাধারণের সুবিধার্থে চালু করা হয়েছে টোল-ফ্রি হেল্পলাইন ১৮৫৫। পাশাপাশি জেলার বিভিন্ন চার্জ অফিসে হেল্প ডেস্ক ও অভিযোগ নিষ্পত্তি কেন্দ্রও খোলা হয়েছে।