ত্রিপুরা
img

ডিজিটাল জনগণনা শুরু, প্রস্তুত সম্পূর্ণ ত্রিপুরা রাজ্য

আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরায় জনগণনা ২০২৭-এর প্রথম ধাপ, অর্থাৎ হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস (HLO)। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এনুমারেটররা। এ নিয়ে আজ আগরতলায় গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করল জনগণনা দপ্তর।১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত চলবে জনগণনা ২০২৭-এর প্রথম ধাপ হাউস লিস্টিং অ্যান্ড হাউজিং সেন্সাস। এই পর্যায়ে রাজ্যের প্রতিটি বাড়িতে গিয়ে মোট ৩৩টি প্রশ্নের মাধ্যমে বাড়িঘর, পরিবারের সুযোগ-সুবিধা ও গৃহস্থালির সম্পদ সংক্রান্ত তথ্য সংগ্রহ করবেন প্রশিক্ষিত এনুমারেটররা।এবারের জনগণনা ভারতের ইতিহাসে প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। কোনো কাগজের ফর্ম নয়, মোবাইল অ্যাপ ও ওয়েব পোর্টালের মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহ করা হবে।
জনগণনা দপ্তর জানিয়েছে, নাগরিকদের কোনো আধার, প্যান কার্ড বা অন্য কোনো নথি দেখাতে হবে না। জনশুমারি আইন, ১৯৪৮ অনুযায়ী নাগরিকদের দেওয়া সমস্ত তথ্য সম্পূর্ণ গোপন ও সুরক্ষিত থাকবে।প্রথম ধাপে বাড়ির ধরন, পানীয় জল, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, শৌচাগার, ইন্টারনেট, যানবাহনসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। দ্বিতীয় ধাপে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে জনসংখ্যা গণনার কাজ সম্পন্ন হবে।রাজ্য প্রশাসনের দাবি, আটটি জেলাতেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই প্রশিক্ষিত এনুমারেটর ও সুপারভাইজারদের মাঠে নামার জন্য প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে চালু রয়েছে টোল-ফ্রি নম্বর ১৮৫৫ এবং সরকারি ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সহায়তা।
এবার নজর আগামী ১ আগস্ট থেকে শুরু হওয়া মাঠপর্যায়ের কাজে। রাজ্যের প্রতিটি পরিবার কি সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবে? সফল হবে তো ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা? সেই দিকেই এখন সবার নজর।