
ব্রিকস সম্মেলন ঘিরে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণে নতুন জল্পনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আগামী আগস্টে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের সরকার। তবে অংশগ্রহণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ঢাকা।আগামী আগস্টে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে দুই দিনের ব্রিকস সম্মেলন। এই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ সরকার সূত্রে জানা গেছে, এই আমন্ত্রণকে ইতিবাচকভাবেই দেখছে ঢাকা। যদিও সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, ব্রিকস সম্মেলনে অংশ নিলে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ তৈরি হবে। জানা গেছে, বিদেশমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে আলোচনা করেই সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্লেষকদের মতে, এই সফর বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে।