
রাজ্যের কল্যাণপুরের গুংরাইছড়া এলাকায় বুধবার ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা।দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনজন। আহতরা হলেন অঞ্জনা দেববর্মা (৪৫), সুবিমল দেবনাথ (৪৭) এবং বিশ্বজিৎ দেব (৩০)।আহতদের মধ্যে কল্যাণপুর বিদ্যাজ্যোতি স্কুলের সহকারী প্রিন্সিপাল অঞ্জনা দেববর্মার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। দুর্ঘটনায় তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং একাধিক সেলাই করতে হয়েছে। বর্তমানে কল্যাণপুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।দুর্ঘটনার পর দুই গাড়ির চালকের মধ্যে পরস্পরবিরোধী অভিযোগ সামনে আসায় ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রত্যক্ষদর্শীদের ভিড়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর থানার পুলিশ। কী কারণে এই মুখোমুখি সংঘর্ষ ঘটল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
দুর্ঘটনার নেপথ্যে কার গাফিলতি, নাকি অন্য কোনো কারণ? পুলিশের তদন্তেই মিলবে সেই উত্তর। আর এখন সকলের প্রার্থনা—দ্রুত সুস্থ হয়ে উঠুন আহতরা, বিশেষ করে সহকারী প্রিন্সিপাল অঞ্জনা দেববর্মা।